সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

রূপোয় মোড়া রোদ!

নন্দন কানন হতে স্বর্গের আলো উপচে পড়তেই, চিলেকোঠার বাইরে দুদিকের দুই খোলা ছাদের সে কী আত্মহারা দশা; ধূসর পালকের অনবরত বকম্ বকম্ করে যাওয়া দেশী পায়রাগুলোকে যে কী আনন্দে অমন নেচে নেচে চারিদিক ঘুরে বেড়ানোর দেদার ছাড়পত্র দিয়ে দেয়, কে জানে! 

দোতলার শ্যাওলা ধরা কার্নিশ ছেড়ে - কবুতরগুলোর এখন, ছাদের কিনারায় রোদের সাথে বসবাস।

নীল আকাশ, উপুড় করা তার দু পার খোলা বুক, তাতে আদুরে ফেনার মত মেঘের দল - বৃষ্টির স্নান সেরে, স্বর্গের পরীদের মত উড়িয়ে নিয়ে বেড়ায় তাদের শুভ্র বসনের মুক্ত আঁচল।

মাঠে ধবল গরুর পালের মত চরে বেড়ায় রোদ, পাশে বটগাছের নীচে রাখালের দীঘল চোখের ন্যায় ঘন কৃষ্ণ ছায়া অবাক হয়ে তাকিয়ে থাকে সে দিকে। আসলে এ মায়া, জোছনা রঙা রোদের মায়া, একটা নেশার মত - যে নেশায় আচ্ছন্ন হতে স্বয়ং মা দুর্গা নেমে আসেন সুদূর কৈলাস হতে। 
উঠোনে ঢাকনা খোলা বয়ামে আঁচারের রোদ খাওয়া চলে, সঙ্গে আমচুর, ফুলবড়ি, পাকা তেঁতুল আরো কত কী। নারকেল গাছের সোনালী পাতা বেয়ে দিব্যি ছাদের আরসায় নেমে আসে কাঠবিড়ালি, রোদের জলসায় সবার আমন্ত্রণ যে। 

সুপারি ডোঙ্গায় চেপে সদর বাহার থেকে তেমাথার মোড়, পথে কামিনী গাছের তলায় ঝরে পড়া ফুল - ডোঙ্গার নীচে ঘষটাতে ঘষটাতে থেঁতলে গুটিয়ে যায়, তবু ছেয়ে থাকা আম তেঁতুল চালতা সহ নারকেল সুপারির ছায়ার ফাঁকে ফাঁকে যতটুকু রোদ এসে পড়ে রাস্তায় তা পিলসুজের দীপ শিখার মতই শারদ হাওয়ায় সদা প্রকম্পিত হতে থাকে। এ স্মৃতি শৈশবের; নারকেল গাছের যত পুরনো ডালাপালা, মরা কাঁদি, কালচে পড়া (চটের মত দেখতে ঘন বুননের পর্দা যেটি নতুন গজানো ডালাপালাকে পেঁচিয়ে জড়িয়ে রাখে, ডালাপালা শুকিয়ে গেলে তা অপ্রয়োজনীয় হয়ে পড়ে) পুরনো নারকেলের কাপড়, সব ছেঁটে পরিষ্কার করতে গাছে উঠতেন নীহার দাদু, কোমরে তাঁর গোঁজা থাকতো ধারালো কাতান। মাথা থেকে যত দীর্ণ, জীর্ণ জঞ্জাল পরিষ্কার করার পর, দুধে হলুদ বর্ণের নারকেলের নব ফুল মঞ্জরীর গায়ে যেন হঠাৎ রোদের হাট বসে যেত, ডোবার জলে খসে পড়া ডিঙির মত দেখতে শুকনো কাঁদির চাপ গুলোও কেমন হেলতে দুলতে এক বুক রোদ নিয়ে বেরিয়ে পড়ত জল- সাফারি করতে।  
বৃষ্টিতে কাঞ্চিরা আর মুথা ঘাসে ভরে ওঠা জমিন, মাথায় বাতাবি লেবুর ধেপে আসা ডালাপালা, শরৎ কাল এলেই সতু জেঠু এসে ঘাস উপড়ে সাফ করে দেবেন,  তখন যে কী এক মাটি মাখা ছিন্ন শিকড়ের সবুজ গন্ধ চারিদিকে ম ম করে ভেসে বেড়াবে আর অবোধ শিশুদের মত রোদ ছায়া এসে জড়ো হবে গাছ তলায়, দেখলে তাকিয়েই থাকতে হয় অপলক।   
সরু পাঁচিলের গা ধরে লঙ্কা জবা, আমলকি, পোয়া আনারস সহ হাজারো জংলি পাতাবাহারের পাতায় পাতায় এমন রোদের ঝালর লেগে যায় এসময়, যে হাওয়ার তালে তালে তা থেকে থেকেই ঝলমল ঝলমল করে ওঠে, যেন বিজয় উল্লাসে বাঁধ ভেঙে আসা অগণিত হর্ষ সংকেত চলকে চলকে ওঠে চোখের সামনে। 
দূরে হুহু করা বালির চর, শারদীয় রোদের রঙে যদিও তা অন্তরঙ্গ; তাতে কাছে দূরে ছড়িয়ে থাকে একাধিক কাশ ফুলের ঝোপ, ইতিউতি, জটাময় শুভ্রতার ছোট বড় জটলা, তাতে আশ্বিনের রোদ প্রগলভ প্রেমিকার মতই আলোয় আলোয় হাজির হয় তার অন্তরের উজাড় করা সোহাগ নিয়ে; বিস্ফারিত ফুল্লের প্রতিটি রোঁয়ায় ছুঁয়ে দেয় তার অনুরণন, প্রকাশিত হয় 
স্ফীত পুষ্প অধরের তীব্র মুগ্ধ ব্যঞ্জনা! 
দু পাশে সবুজ ধান ক্ষেতের ফাঁকে সরু আল পথ ধরে মজুমদার ঘরের দুর্গা প্রতিমা গড়ার মাটি তুলতে যাওয়া আদুল গায়ের লোকগুলোর শরীরে আশ্বিনের রোদের ছোঁয়া লাগলে যে কী এক রহস্যময় মায়া তৈরি করে মনে, ভাবলে সত্যিই রোমাঞ্চিত হতে হয়। 
শালুক শাপলা ভরা বিলের পাশে, ঢাকির বাড়ির রোদেল উঠোনে গড়াগড়ি খায় ঢাকের রঙিন পুচ্ছ, 
কুমোর বাড়িতে মায়ের খড় মাটি দিয়ে তৈরি দশভুজার আদল শুকোয় নির্বিকারে, লেপা পোছা করা মাটির দাওয়ায় রোদ এসে পড়লে শুরু হয় আতপ চাল গুলে আলপনা দেওয়ার কাজ,  একদিন মা বলল, শরতের রোদের একটা আলাদা রং আছে,  তাতে উৎসবের গন্ধ লেগে থাকে। আমি বললাম, হ্যাঁ কেমন আয়নার মত ঝকঝকে, মা বলল, পুরো রূপোয় মোড়া।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জনগণমনঃ জাতীয় সঙ্গীত হয়ে ওঠার ইতিহাস ও কিছু প্রশ্নের উত্তর!

রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ব্রহ্ম সঙ্গীত ‘ জনগণমন অধিনায়ক’ কে দেশের জাতীয় সঙ্গীত হিসেবে মান্যতা দেওয়ার সর্ব সম্মীলিত সিদ্ধান্ত হয় ১৯৫০ সালের ২৪ শে জানুয়ারি । কিন্তু কেন এত দেরী? দেশ স্বাধীন হওয়ার পরেও কেন তিন বছর সময় লেগেছিল জাতীয় সঙ্গীত নির্বাচন করতে? ‘ভারত বিধাতা’ শিরোনামে লেখা, স্বদেশ পর্যায় ভুক্ত (গীতবিতান অনুসারে) এই রবীন্দ্রগীতিটি কিভাবে -  দেশের জাতীয় সঙ্গীত হওয়ার পথে একটু একটু করে এগিয়ে গেল! ‘জনগনমন’র জাতীয় সঙ্গীত হয়ে ওঠার নেপথ্য কাহিনীই আজ আমরা ফিরে দেখবো এই প্রবন্ধে।  ১৯৪৭ এর ১৫ই আগস্ট - দীর্ঘ ২০০ বছর ধরে পরাধীনতার কৃষ্ণ কাল অতিক্রম করার পরে অবশেষে দেশবাসীর ভাগ্যাকাশে এসে উপস্থিত হোল বহু আকাঙ্খিত সেই দিনটি। উদিত হোল স্বাধীনতার নতুন সূর্যের।   স্বাধীন হোল দেশ। কিন্তু সদ্য ব্রিটিশ অধীনতা মুক্ত দুটি দেশ ভারত এবং পাকিস্থান তখনও পায় নি স্বতন্ত্র সার্বভৌম রাষ্ট্রের মর্যাদা। ১৯৪৭ এর ১৮ই জুলাই তারিখে লাগু হওয়া ভারতীয় স্বাধীনতা আইন অনুসারে নিজ নিজ সংবিধান প্রণয়নের আগে পর্যন্ত ভারত ও পাকিস্থান এই দুটি ভূখণ্ড কমনওয়েলথ দেশের অধীনস্থ দুটি অধিরাজ্য হিসেবে কাজ চালিয়ে যেতে পারা...

'জল পড়ে, পাতা নড়ে' ঃ রবীন্দ্রনাথ না বিদ্যাসাগরের লেখা?

জল পড়ে, পাতা নড়ে - সহজ অথচ অমোঘ এমন দুটি লাইন মনে হয় কোনো উপনিষদীয় ঋষির স্বর্গীয় কাব্য সিদ্ধির অনুপম ফসল ছাড়া কিছু হতে পারে না।  বৃষ্টিপাতের সঙ্গে অনিবার্য ভাবে উচ্চারিত হওয়া এই শ্লোক কেবল সৃষ্টির আপন খেয়ালেই রচিত হতে পারে। সেই কবে থেকে এর অনন্য স্বাদ মস্তিস্কের কোষে কোষে এক অদ্ভুত ভালোলাগার মোহ তৈরি করা শুরু করেছিল তা আজও অটুট এবং সমানভাবে সক্রিয় , মোহ ভঙ্গের নামই নেই। স্বয়ং রবীন্দ্রনাথ পর্যন্ত এর জাদুময় মোহপাশ থেকে মুক্ত হতে পারেন নি। যদিও রবীন্দ্রনাথই প্রথম এই দুটি লাইন লেখেন ‘জীবন স্মৃতি’ র পাতায়। মনে হয় স্রষ্টা যেন নিজেই তাঁর সৃষ্টির মহিমায় হতবাক হয়ে পড়েছিলেন। কিন্তু এখানে একটা টুইস্ট আছে। কারণ রবীন্দ্রনাথ এই দুটি লাইন লিখলেও লেখার শ্রেয় কিন্তু তিনি দিয়েছেন বিদ্যাসাগরকে। এখন প্রশ্ন, কেন! উত্তর - ভ্রান্তি সুখে। কিন্তু সে প্রসঙ্গে পরে আসছি। ‘জীবন স্মৃতি’ তে তাই দেখা গেল যতবার তিনি ‘জল পড়ে পাতা নড়ে’ লিখেছেন ততবারই তাকে উদ্ধৃতি চিহ্নের মধ্যে রেখেছেন। অন্য কারোর লেখা লিখলে তাকে উদ্ধৃতি চিহ্নের মধ্যে রাখাই দস্তুর। কিন্তু তাতে কি! শিশুবেলার মুগ্ধতা যেন কিছুতেই প্রশমিত হতে পারে...

১৯৪৭ এর ১৫ই আগস্ট, কোথায় ছিলেন গান্ধীজী?

১৫০/বি বেলেঘাটা মেন রোড; শিয়ালদহ স্টেশন ও ই-এম বাইপাস এর মধ্যে সংযোগ স্থাপনকারী অন্যতম মূল রাস্তা - বেলেঘাটা মেন রোড তথা সুরেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায় রোডের ওপর পড়া এই বিশেষ ঠিকানাটি ভারতবর্ষের স্বাধীনতা যুদ্ধের ইতিহাসে এক গৌরবময় স্মৃতির সাক্ষ্য বহন করে চলেছে । বিশেষ করে, প্রতি বছর স্বাধীনতা দিবস উদযাপনের সময় আসন্ন হলে, এই ঠিকানার কথা স্মরণ না করে থাকা যা য় না। কারণ ১৯৪৭ এ গোটা দেশ যখন স্বাধীনতার আনন্দ উদযাপনে ব্যস্ত, বিশেষ করে রাজধানী দিল্লিতে স্বাধীনতা লাভের (১৫ ই আগস্ট) দিনটিকে স্মরনীয় করে রাখতে আয়োজিত হয়েছে অভূতপূর্ব রাজকীয় সমারোহের - যার শুভ সূচনা হয়েছে ১৪ ই আগস্টের মধ্যরাতে, রাত বারোটা বাজার সঙ্গে সঙ্গে - ১৫ তারিখ পদার্পণের শুভক্ষণ কে স্মরনীয় করে রাখতে দেশের প্রথম প্রধানমন্ত্রী জহরলাল নেহেরুর ঐতিহাসিক বক্তৃতা দিয়ে শুভারম্ভ হয়েছে স্বাধীনতা দিবস পালনের মহা নির্ঘণ্ট। এই উচ্ছ্বাস যদিও কাঙ্ক্ষিতই ছিল। কারণ দীর্ঘ ২০০ বছরের পরাধীনতার কৃষ্ণ কাল অতিক্রম করার পরেই দেশবাসীর কাছে এসে পৌঁছেছিল সে বিরল মাহেন্দ্রক্ষণ। সমাগত হয়েছিল সেই মহা মুহূর্ত যখন প্রায় শতবর্ষ ধরে চলা স্বাধীনতাকামী মহাযজ্ঞে মু...