বলা হয়, মা তাঁর নিজের পুজোর ব্যবস্থা নিজেই করে নেন, এমনকি যে বিশেষ ব্যক্তিটির কাঁধে তিনি তাঁর পুজো আয়োজনের গুরুভার অর্পণ করবেন সেটিও তাঁর পূর্ব নির্ধারিত, তাই আজ থেকে প্রায় সাড়ে তিনশো বছর আগে বর্ধমানের আখনা গ্রাম থেকে জনৈক বীরকিশোর নারায়ণ ঘোষ সুদূর মেদিনীপুরের ওড়িশা সংলগ্ন অঞ্চল নয়াগ্রামের আগরআড়ায় এসে হাজির হলেন সপরিবারে, এবং প্রায় তিনশো একরেরও বেশী জমির সুবিশাল জমিদারি স্থাপন করলেন, যদিও তাঁর এখানে আসার পেছনে সঙ্গত কোনো কারণের প্রশ্নে বর্তমান বংশধরদের মধ্যে কেউই সেভাবে কিছু জানাতে পারেননি।
আগরাড়া আসতে, এগরা-সোলপাট্টা গামী রাজ্য সড়কে পড়া নয়াগ্রাম বাজার স্টপেজ থেকে এক কিমির মতো উত্তর দিকে গ্রাম্য পিচের রাস্তায় ঢুকতে হয়। পরিচর্যার অভাবে এবড়োখেবড়ো রাস্তার দুপাশে গাছগাছালি, জলভরা পুকুর, ছোট ছোট ইঁটের ঘাট, মাটির দোতলা ঘর, এসব দেখতে দেখতেই দিব্যি পৌঁছে যাওয়া যায় আগরআড়া ঘোষ বাড়ির বহু প্রাচীন দুর্গা দালানের সামনে।
কোলকাতা থেকে দূরত্বের কারণে তথাকথিত মূলধারার মিডিয়ায় সেভাবে প্রচারের আলো পায় না এই ধরনের গ্রামীণ ঐতিহ্যবাহী পুজো গুলো; যদিও পাদপ্রদীপের আলোয় আসার যথেষ্ট উপাদান রয়েছে এদের মধ্যে, তাও স্থানীয় এলাকার মধ্যেই শুধু সীমাবদ্ধ থেকে যায় এদের পরিচিতি।
অবশ্য এলাকার অন্যতম প্রাচীন পুজো হিসেবে স্থানীয় মানুষজনের মধ্যে তেমন আগ্রহের অভাব দেখা যায় না।
রাস্তার বাঁ দিকে মন্দিরে ঢোকার আগে দুপাশে মনোহারী দোকান, ছোটদের খেলনার ছোট বড় নানা স্টল সহ দই লস্যি, জিলিপি মিষ্টি, তেলেভাজার ছ্যাঁক ছোক সহ বাচ্চা মেয়ে বুড়োদের কোলাহলে চারিদিক একেবারে গমগম করে। পাশাপাশি অঞ্জলীর মন্ত্র, ব্রতীদের গুঞ্জন, ঘোষ বাড়ির উদ্যোগী প্রতিনিধিদের হাঁকডাক, দক্ষিণমুখী দুর্গা দালানের সম্মুখে দীর্ঘ আয়তাকার নাট ঘরে ছাগ বলি দেওয়ার রোমহর্ষক প্রস্তুতি পর্ব - সব মিলিয়ে আকর্ষণের এখানে কোনো কমতি থাকে না।
সারা বছর মা এখানে জয় চন্ডী রূপে পূজিতা হন; পুজোর সূচনাকারী হিসেবে বীরকিশোর ঘোষ এক স্বপ্নাদেশে জানতে পারেন পার্শ্ববর্তী গ্রাম খড়াইয়ের প্রহরাজ পুকুরে নিমজ্জিত রয়েছে দেবীর একটি মাটির ঘট এবং একটি দীর্ঘকায় লোহার খাঁড়া। সেই পুকুর উত্থিত ঘট যার ওপরে অষ্টধাতু নির্মিত চন্ডী মুখ প্রতিষ্ঠিত ক'রে বীরকিশোর ঘোষ তাঁর বাড়িতে একটি লোহার থাম এবং টিনের ছাউনি দেওয়া মন্দির নির্মাণ করেন এবং মূর্তিটিকে সেখানে স্থাপিত ক'রে তার নিত্য পুজোর বন্দোবস্ত করেন। চন্ডী ঘটের পাশাপাশি একটি লক্ষ্মী জনার্দন মূর্তিও নিত্য পূজিত হন এই মন্দিরে, মন্দিরটিকে তাই জয় চন্ডী লক্ষ্মী জনার্দন জিউ মন্দির বলা হয়, ২০১৪ সালে এটি নবরূপে নির্মিত হয়েছে, উৎকল নির্মাণশৈলীর আদলে ওড়িশার প্রখ্যাত স্থাপত্য শিল্পী সুরননার পরিকল্পনায় বর্তমানে এই মন্দিরটি গর্ভ গৃহ এবং তার সামনে মুখশালা সহ দুই প্রকোষ্ঠের তিন চূড়া বিশিষ্ট একটি সুদর্শন মন্দির, মন্দির অভ্যন্তরে বিষ্ণুর দশ অবতার সহ গর্ভ গৃহে পাশাপাশি দুটি শ্বেত মর্মর সিংহাসনে জয় চন্ডী এবং লক্ষ্মী জনার্দন মূর্তি অধিষ্ঠিত।
মা এখানে রক্ত মুখী, বলি দেওয়ার প্রথা তাই এখানে প্রথম থেকেই। বর্তমানে দুর্গা পূজা আয়োজনের অন্যতম মূল উদ্যোক্তা, ঘোষ বাড়ির সদস্য সব্যসাচী ঘোষ বললেন, নিয়মানুসারে এখানে সপ্তমীর দিনে একটি ছাগল, সন্ধি পুজোয় একটি এবং নবমীতে ন'টি ছাগল বলি দেওয়ার প্রথা ছিল, বর্তমানে অর্থাভাব নবমীতে ছাগল বলির সংখ্যা কমিয়ে চার করা হয়েছে, বাকি পাঁচটির জায়গায় পাঁচটি চাল কুমড়ো বলি দেওয়া হয়ে থাকে অধুনা। পাশাপাশি আখ বলি দেওয়ারও রীতি চলে আসছে সেই শুরুর সময় হতে।
কিন্তু একই মন্দিরে আসীন লক্ষ্মী জনার্দন মূর্তি সম্মুখে আবার বলি দেওয়া শাস্ত্র বিরুদ্ধ, তাই দুর্গা পূজা উপলক্ষে মা সাময়িক ভাবে দুর্গা দালানে উঠে আসেন। দুর্গা দালানটি এমনভাবে পেছনে স্থাপিত যে দুর্গা পূজা চলা কালীন বলির দৃশ্য জনার্দন নারায়ণের কোনোভাবে গোচরীভূত হতে পারে না।
ঘোষ বাড়ির আর এক সদস্য, অবসরপ্রাপ্ত পেসকার শ্রী মলয় ঘোষ সংযোজন করলেন, মা চন্ডী বিসর্জনের দিন অর্থাৎ দশমীর পুজো শেষে পুনরায় তাঁর মন্দিরে ফিরে আসেন এবং লক্ষ্মী জনার্দনের পার্শ্ববর্তী খালি সিংহাসনটিতে আসীন হন, কিন্ত সেও কয়েকদিনের জন্যে, কারণ বিজয়া দশমী থেকে লক্ষ্মী পুজোর মধ্যে কোনো এক মঙ্গলবার বা শনিবারের দিন আবার চন্ডী মায়ের বাৎসরিক পুজো অনুষ্ঠিত হয়, তখন আবারো তাঁকে নিজ আসন ছেড়ে পুনরায় দুর্গা দালানে উঠে আসতে হয়, কারণ সেদিনও বলি পড়ে, ঘোষ বাড়ির একটি সহ প্রায় ১০০'র মতো মানত ছাগল বলি পড়ে সেদিন। মলয় বাবু বললেন, এই বলি প্রথা তাঁরা তুলে দেওয়ার পক্ষে, কিন্তু স্থানীয় মানুষদের বিশ্বাস মা কেবল ফলমূল বা ঘি দুধে সন্তুষ্ট হন না, মনোবাঞ্ছা পূরণ করতে তাই পাঠা বলি দেওয়ার ক্ষেত্রে তাঁরা কোনোরকম আপোষ করতে চান না। প্রসঙ্গত কয়েকবছর পূর্বে মা চন্ডীর বাৎসরিক পুজো আয়োজিত হতো জ্যৈষ্ঠ মাসে।
আগের মতো যদিও দুর্গা পূজাকালীন যাত্রা বা নাটক আর তত মঞ্চস্থ হয়না, হয়না ঢাকিদের সমবেত বাদন পরিক্রমাও, তবে এখনোও যেটা হয় সেটা কীর্তন বা নাট মন্দিরে ছোট ছোট ছেলেমেয়েদের নৃত্যানুষ্ঠান, এবং অবশ্যই বলি পড়ার আয়োজন, কাঠের হাঁড়িকাঠ, যাকে স্থানীয় ভাবে অড়গলি বলা হয় তাকে রক্তজবা দিয়ে বিশেষ ভাবে পূজার্চনা করে সেই সাড়ে তিনশো বছর পূর্বের স্বপ্নাদেশ প্রাপ্ত খাঁড়া বা খড়্গ দিয়ে যিনি মায়ের সামনে বলি চড়ান, তিনি কিন্তু কোনো চন্ডাল গোত্রের সাধারণ ভাবে হন্তারক হিসেবে পরিচিত মানুষ নন, এখানে বলি চড়ান স্বয়ং ঘোষ বাড়ির কুল পুরোহিত , বর্তমানে পুরোহিত তাপস মুখার্জি বললেন এটি তাঁরা বংশপরম্পরায় ধরে করে আসছেন।





মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন