রঙ লেগেছে মুখে আর ফুল ফুটছে বুকে। রঙের আর কি, কোনো বিদ্বেষ নেই। সাফসুতরো মুখ দেখলেই খানিক আদর করার সুখ। তবে নিটোল এবং অরগ্যানিক। এ আই দিয়ে বিশ্লেষিত নয়। জৈব অ্যাড্রিনালিন দ্বারা সংশ্লেষিত। তাই ছুটে পালানোর বাহানা খোঁজে বৈরাগী; প্লিজ এখানে আবার পৌরাণিক অ্যাঙ্গেল ঢুঁড়বেন না যেন, তাহলেই কিন্তু রাধা বেঁকে বসবে। নিভৃতে, চিলেকোঠার কোনে কে জানত একদা রঙের এত বাহাদুরি দেখা যাবে। কোথায় মাড় না ভাঙা ধনেখালির কৌমার্য, একটু আড়াল পেতেই একেবারে উন্মুক্ত পারিজাত পাপড়ির পরাগ। আড় ভেঙে, নিমেষে শয্যাত্যাগের বেডশিট। ভ্রমর পায়ে রঙ তো লাগবেই। দোলের দিন খোল বাজবে এ নিয়ে ডিবেট করার কিছু নেই। কিন্তু বুকের মাঝে এমন ভূতপায়ের নাচন হবে কে জানত। কলা গাছের নির্মোক খুলে পড়ার মত নির্লজ্জ অন্তর, নির্বাক। রঙ গড়িয়ে যায়; নাম না জানা বদ্বীপ ছুঁয়ে দুর্গম মোহনার হ্যাংলামোপনায়।
হালকা হালকা হাওয়ায়, আমের বকুল খানিক ঝরে পড়লেও ক্ষতি নাই; রঙ হাতে তো রাশ হাতে। সজনে ফুল কুড়ানোর সময় এখন; শরীর খারাপ বলে, পড়ার ঘরে একা একা টেক্সট করার ছল – না রে পাগলা, আজ পারবো না! তবে? আজ বরং শিমুলকে - বৃথা ফুটে যেতে দে।
বারান্দার রেলিং গলে মেহগনির মরিচা পড়া পাতা দু একটা, দুষ্টুমি করে টুঁ মারে। হৈ চৈ, রং বাজি; ছুটে যাওয়া টুরিস্ট বাসের গায়ে পিচকারির ঝড়াপ। শুধু শুনশান বোলপুরের বাংলা মদের দোকান, আকর্ষণী, কবি শক্তি চট্টোপাধ্যায় জানতেন সে সুরাগ।
কৃষ্ণচূড়া রক্তিম হতে আরও কিছু বাকি, দিঘির জলে অকাতরে ভিজে ভিজে রং সাঁতার দেয়। ফ্রি বাটারফ্লাই স্টাইল; এখনও রং বাতি পুরো জ্বলে উঠতে বাকি।
আয়নায় রঙ লাগে; সে গোল, চৌকো কিংবা ত্রিকোণাকার যাই হোক না কেন। দাবাং ঠোঁটের রংবাজি ঠিকই স্ফুরিত হয় জানে অনজানে।
এক বার চোখ বুজে তো দেখো, কেমন করে বাধার বেড়া ভেঙে রঙের সাঁজোয়া গাড়ি ছোটে দিগ্বিদিক ভুলে। হাঁটু মুড়ে বসে রণে ভঙ্গ দেওয়ার নামে তনে রঙ্গ লাগানোর খেলা।
মুগ ভাজা আর বাতাসা মুখে কতবার যে ফিরে আসতে হয়েছে, 'খোল দ্বার খোল, লাগলো যে দোল', বলে লাভ কিছু হয়নি। অপারেশন রংমারি অসফল থেকেছে।
কেয়া ফুলের গন্ধ মাখা গোলাপী গুলাল, অলক কাননে পথ হারিয়ে ফেললে ক্ষতি কী! রংদারিতে দুনিয়া সেল্ফিময়, কোথাকার রং কোথায় গড়ায়, সুরভী বদন বর্ণময়।
ভ্যানতাড়া ছেড়ে, এইবার এক জোর ডুব হোক! কোথায় রঙ লাগে আর কোথায় যে রেঙে ওঠে, জানেন শুধু নিউটন। তবু এক চুমুকে নয় সব টুকু, কিছু থাক রঙহীন; নির্জন, নিবিড় - ভার্জিন।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন