গান্ধীজীর বাংলা শেখার তাগিদ প্রথমত রবীন্দ্রনাথকে কেন্দ্র করেই স্ফুরিত হয়েছিল, তবে পরবর্তীতে তা আর শুধু রবীন্দ্র কাব্য গীতি রসাস্বাদনের ঐকান্তিকতার মধ্যেই সীমাবদ্ধ থাকে নি। ছড়িয়ে গিয়েছিল রাজনৈতিক পরিসরে, বিশেষ করে বাংলার প্রান্তিক মানুষের সঙ্গে নিবিড় সংযোগ স্থাপনের উদ্দেশ্য তখন তাঁকে আরও একনিষ্ঠ করে তুলেছিল বাংলা শেখার জন্যে। বাংলা শেখার প্রতি গান্ধীজীর গভীর আগ্রহের কথা প্রথম জানা যায় ১৯১৪ সালের ডিসেম্বর মাসে লেখা তাঁর একটি চিঠিতে, প্রথম বিশ্বযুদ্ধ তখন শুরু হয়েছে, গান্ধীজী তাঁর দীর্ঘ ২১ বছরের (এপ্রিল, ১৮৯৩ থেকে জুলাই, ১৯১৪) দক্ষিণ আফ্রিকা প্রবাস চুকিয়ে ব্রিটিশ রাজধানী লন্ডনের উদ্দেশ্যে পাড়ি দিয়েছেন। উদ্দেশ্য যুদ্ধ চলাকালীন আহত সৈনিকদের পাশে দাঁড়ানো, এর জন্যে তিনি সেখানে অ্যাম্বুলেন্স কর্পস নামে একটি বিশেষ সেবাবাহিনী গঠন করেন। প্রসঙ্গত গান্ধীজী এখানে গুরুতর ভাবে অসুস্থ হয়ে পড়েন, ফুসফুসের সংক্রমণে রীতিমত শয্যাশায়ী গান্ধীজী ডিসেম্বর মাসের ৪ তারিখে একটি চিঠি লিখতে বসেন তাঁর একান্ত সহযোগী মগনলাল গান্ধীর উদ্দেশ্যে। ক্রমশ...