গান্ধীজীর বাংলা শেখার তাগিদ প্রথমত রবীন্দ্রনাথকে কেন্দ্র করেই স্ফুরিত হয়েছিল, তবে পরবর্তীতে তা আর শুধু রবীন্দ্র কাব্য গীতি রসাস্বাদনের ঐকান্তিকতার মধ্যেই সীমাবদ্ধ থাকে নি। ছড়িয়ে গিয়েছিল রাজনৈতিক পরিসরে, বিশেষ করে বাংলার প্রান্তিক মানুষের সঙ্গে নিবিড় সংযোগ স্থাপনের উদ্দেশ্য তাঁকে আরও একনিষ্ঠ করে তুলেছিল বাংলা বর্ণ শিক্ষার প্রতি।
গান্ধীজীর বাংলা শেখার প্রতি গভীর আগ্রহের কথা প্রথম জানা যায় ১৯১৪ সালের ডিসেম্বর মাসে লেখা তাঁর একটি চিঠি থেকে, প্রথম বিশ্বযুদ্ধ তখন শুরু হয়েছে, গান্ধীজী তাঁর দীর্ঘ ২১ বছরের (এপ্রিল, ১৮৯৩ থেকে জুলাই, ১৯১৪) দক্ষিণ আফ্রিকা প্রবাস চুকিয়ে ব্রিটিশ রাজধানী লন্ডনের উদ্দেশ্যে পাড়ি দিয়েছেন। উদ্দেশ্য যুদ্ধ চলাকালীন আহত সৈনিকদের পাশে দাঁড়ানো, এর জন্যে তিনি সেখানে অ্যাম্বুলেন্স কর্পস নামে একটি বিশেষ সেবাবাহিনী গঠন করেছিলেন। যদিও লন্ডনে বেশীদিন সুস্থ থাকতে পারেননি গান্ধীজী; দক্ষিণ আফ্রিকায় সত্যাগ্রহ চলা কালীন দীর্ঘ উপবাসের ক্লেশ এবং নিষ্ঠাবান নিরামিষভোজী হওয়ার কারণে শরীর আগের থেকেই তাঁর ন্যুব্জ ছিল; তার ওপরে লন্ডনের আর্দ্র শীতল হাওয়ায় অতিরিক্ত কায়িক শ্রম তাঁকে দ্রুত বিধ্বস্ত করে ফেলেছিল। তীব্র ফুসফুসের সংক্রমণ - প্লুরিসিতে রীতিমত শয্যাশায়ী হয়ে পড়েছিলেন তিনি। লন্ডন স্থিত ভারতীয় চিকিৎসক ডঃ জীবরাজ মেহতা সহ ইংরেজ চিকিৎসক ডঃ থমাস রিচারড অ্যালিনসন সকলেই তখন তাঁকে ভারতে ফিরে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন। উল্লেখ্য দক্ষিণ আফ্রিকায় থাকাকালীন, ডারবান থেকে ২০ কিমি দূরে নাটালের ফিনিক্স বলে একটা জায়গায় তিনি একটি খামার স্থাপন করেন, যা ফিনিক্স আশ্রম নামে পরিচিত। ১৯০৩ সালে, এই আশ্রম স্থাপনের এক বছর আগে দা ইন্ডিয়ান ওপিনিয়ন নামে একটি পত্রিকা প্রকাশ করা শুরু করেন গান্ধীজী, যেটির সমস্ত রকম প্রকাশনার কাজকর্ম ১৯০৪ থেকে এই আশ্রম থেকেই পরিচালিত হত। ১০ বছর বাদে, ১৯১৪ সালের জুলাই মাসে যখন তিনি ফিনিক্স আশ্রমের কর্মকাণ্ড শেষ করে লন্ডনের উদ্দেশ্য রওনা দিলেন, তখন আশ্রমের অন্য ভারতীয় সদস্যরা যাদের মধ্যে তাঁর নিজের তিন পুত্রও ছিলেন তাঁরা সবাই ভারতে ফিরে যান, যার নেতৃত্বে ছিলেন তাঁর সম্পর্কে খুড়তুতো ভাই কুশালচাঁদ গান্ধীর পুত্র মগনলাল গান্ধী।উল্লেখ্য গান্ধীজী প্রতিষ্ঠিত দা ইন্ডিয়ান ওপিনিয়ন, যেটি তাঁর জীবনের প্রথম সম্পাদিত পত্রিকা, সেটি একযোগে ইংরেজি, গুজরাটি ছাড়াও এমনকি তামিল এবং উর্দুতে প্রকাশিত হলেও তাকে কখনো বাংলায় প্রকাশ করার কথা তিনি ভাবেননি। কিন্তু লন্ডনে যখন তিনি রোগ শয্যায় শুয়ে আছেন, অন্যদিকে ফিনিক্স আশ্রমের সদস্যরা ভারতে পৌঁছেও স্থায়ীভাবে থাকার একটি আশ্রয়স্থলের অভাবে প্রথমে কিছুদিন হরিদ্বারে থাকা গুরুকুল কাংড়িতে থেকে পরে রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনে এসে পৌঁছেছেন, এবং রবীন্দ্রনাথ প্রসঙ্গত এর এক বছর আগে অর্থাৎ ১৯১৩ সালে তাঁর নোবেল প্রাপ্তির খবরে অন্যান্য ভাষাভাষী মানুষদের বাংলা ভাষার প্রতি আরও কৌতুহলী করে তুলতে সক্ষম হয়েছেন, পাশাপাশি গান্ধীজীর পূর্ব পরিচিত দুই ইংরেজ যথাক্রমে সি এফ এন্দ্রুজ এবং উইলিয়াম উইনস্টন পিয়ারসনও তখন রবীন্দ্র অনুরাগে সিক্ত হয়ে শান্তিনিকেতনে রয়েছেন। সর্বোপরি গোপাল কৃষ্ণ গোখলে যাকে গান্ধীজী তাঁর রাজনৈতিক গুরু মানতেন, তিনিও বাংলাকে ততদিনে ভারতের চিন্তাশক্তির মূলাধার বলে বিবৃতি দিয়ে বলেছেন, বাংলা আজ যা ভাবে, ভারত তা ভাবে আগামীকাল; সব মিলিয়ে গান্ধীজীর কাছে তখন বাংলা শেখার প্রণোদনা একরকম অনস্বীকার্য হয়ে উঠেছিল ব'লে মনে করা যেতে পারে।
১৯১৪ সালের ডিসেম্বর মাসের ৪ তারিখে তাই একটি চিঠিতে তাঁর একান্ত সহযোগী মগনলাল গান্ধীর উদ্দেশ্যে তিনি লেখেন, গুরুদেব রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধা দেখিয়ে তিনি এখন বাংলা শেখা শুরু করেছেন। গুজরাটিতে লেখা এই চিঠিতে তিনি লিখছেন এই নিয়ে টানা পাঁচ দিন তিনি বাংলা চর্চা করছেন। অসুস্থ থাকার জন্যে তখন তিনি একান্তই বিছানায় শুয়ে বসে থাকেন, ওই অবস্থাতেই তাঁর মিসেস মুরাটের লেখা ব্যাকরণ এবং বাংলা বর্ণপরিচয় পড়া সম্পূর্ণ হয়ে গেছে বলে জানিয়েছেন চিঠিতে। এমনকি গুজরাটিদের কাছে বাংলা শেখা ভীষণ সোজা বলেও তাঁর মনে হয়েছে, বাংলা বর্ণমালা যে খুব সরল এবং ফিনিক্স পার্টির সদস্যদের সকলের তা শেখা উচিৎ তাই নিয়ে তাঁর পরামর্শের কথাও সবিস্তারে লিখে জানিয়েছেন চিঠিতে। উল্লেখ্য মগনলালরা তখন শান্তিনিকেতনে, গান্ধীজী লন্ডন থেকে দেশে ফিরে, কয়েকদিনের মধ্যেই সস্ত্রীক শান্তিনিকেতনে আসবেন মগনলালদের সঙ্গে দেখা করতে।
যদিও পরবর্তী কালে এই বিষয়ে গান্ধীজীর মতামত আমূল বদলে যেতে দেখা গিয়েছিল। ১৯৩৮ সালে, হরিজন পত্রিকায় প্রকাশিত তাঁর লেখা শিক্ষা বিষয়ক এক নিবন্ধে সম্পূর্ণ উল্টো মত পোষণ করে তিনি লিখেছিলেন, রবীন্দ্রনাথের অমুল্য সৃষ্টির স্বাদ নেওয়ার জন্যে আমার বাংলা জানার প্রয়োজন নেই, সেটা অনুবাদেই সম্ভব। এমনকি এও বলেছিলেন, টলস্টয়ের ছোট গল্প পড়ার জন্যে গুজরাটি ছেলেমেয়েদের রুশ জানার কী দরকার! অনুবাদেই সেটার আস্বাদন সম্ভব। তবে এই প্রবন্ধের প্রেক্ষিত ছিল ভিন্ন, নিজ মাতৃভাষার উৎকর্ষ বৃদ্ধির ওপর নজর দেওয়াই ছিল সেই নিবন্ধের মূল ভাবনা।
যদিও ব্যক্তিগত স্তরে গান্ধীজীর বাংলা শিক্ষার প্রতি আগ্রহ কোনদিন কমেনি। বিশেষ করে রবীন্দ্রনাথের কবিতা এবং গানের প্রতি তাঁর বিশেষ অনুরাগ তাঁকে কোনদিনই বাংলা শেখার ক্ষেত্রে অনাগ্রহী করে তোলেনি। জীবনের শেষ দিন পর্যন্ত তাঁর অনুক্ষণের সঙ্গী ছিল রবীন্দ্রসঙ্গীত; তথ্যানুসারে ৪৮'র ৩০ শে জানুয়ারি সকাল সাড়ে ন'টায় জলখাবার খেয়ে, নাতনি মনু বেন কে গুজরাটি ভজন গেয়ে শোনাতে বলেছিলেন গান্ধীজী, 'জেতানে মারুগাঁ সাঁই রামা'। তারপরেই ৭৮ বছর বয়সী গান্ধী নিজ কণ্ঠে গেয়ে উঠেছিলেন রবীন্দ্রনাথের লেখা তাঁর সেই প্রিয় গান - 'যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে'।
প্রসঙ্গত রবীন্দ্রনাথ লিখিত ব্রহ্মসঙ্গীত 'জনগণমন অধিনায়ক' কে জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃতির নেপথ্যেও গান্ধীজীর এই গানটির প্রতি বিশেষ পছন্দের স্বীকৃতি একটি বড় অনুঘটকের কাজ করেছিল বলে মনে করা হয়। গান্ধীজী 'জনগণমন' কে শুধু একটি 'দিব্য স্তোত্র' বলেই ক্ষান্ত হননি, তিনি এটিকে প্রকৃত অর্থে দেশের জাতীয় সঙ্গীত হওয়ার অত্যন্ত উপযুক্ত বলে দাবী করে বলেছিলেন, স্বতন্ত্রভাবে এর গায়নযোগ্যতা অভূতপূর্ব।
১৯১৪ সালে লন্ডনে থাকাকালীন তাঁর শুরু হওয়া যে বাংলা ভাষাশিক্ষার সফর তা চূড়ান্ত রূপ পায় ১৯৪৬ সালে নোয়াখালী সংঘর্ষের সময়, অধুনা বাংলাদেশ স্থিত নোয়াখালীতে যে ভয়ানক সাম্প্রদায়িক হানাহানি শুরু হয় ৪৬ এর অক্টোবর মাসে তা চলেছিল প্রায় ৪৭ এর প্রথমার্ধ অবধি। দাঙ্গা শুরু হওয়ার এক মাসের মধ্যে, নভেম্বরের ৬ তারিখে নোয়াখালী গিয়ে পৌঁছান গান্ধীজী, প্রায় চার মাস ব্যাপী, নিরবিচ্ছিন্ন ভাবে সেখানে ছিলেন তিনি। নোয়াখালীর জয়াগ গ্রামের জমিদার হেমন্ত কুমার ঘোষের বাড়িতে থেকে দুই সম্প্রদায়ের মধ্যে শান্তি ফেরাতে ঘুরেছেন গ্রামের পর গ্রাম।
সেইসময় সাধারন গ্রামের মানুষের সঙ্গে ভাষাগত দূরত্ব ঘোচাতে, গান্ধীজী বাংলা শেখার জন্যে বিশেষ ভাবে মনোযোগী হয়ে ওঠেন। রীতিমত বাংলা হরফ রোজ খাতায় লিখে লিখে বাংলা শেখার কার্যক্রম নিয়মিত ভাবে চালিয়ে যেতেন, যার স্বাক্ষর ধরা আছে বেলেঘাটার গান্ধী ভবন (১৫০/বি বেলেঘাটা মেন রোড) স্থিত মিউজিয়ামে। গান্ধীজীর নিজের হাতে লেখা বাংলা হরফ দেখে অন্তত এ কথাই মনে হয় যে তাঁর বাংলা শেখার আন্তরিকতায় কোনোরকম খাদ ছিল না।

তথ্য ঋণ -
The Collected Works of Mahatma Gandhi.
Selected Letters of Mahatma Gandhi.
বেলেঘাটা গান্ধী ভবন স্থিত মিউজিয়ামে প্রদর্শিত তথ্য।
The Collected Works of Mahatma Gandhi.
Selected Letters of Mahatma Gandhi.
বেলেঘাটা গান্ধী ভবন স্থিত মিউজিয়ামে প্রদর্শিত তথ্য।
গান্ধীজী সম্পর্কে আরও লেখা পড়ুন -
১৯৪৭ এর ১৫ই আগস্ট, কোথায় ছিলেন গান্ধীজী?
."আমার জীবনই আমার বাণী"!
১৯৪৭ এর ১৫ই আগস্ট, কোথায় ছিলেন গান্ধীজী?
."আমার জীবনই আমার বাণী"!

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন