রাজার যেমন মেজাজটাই আসল, শিল্পীর তেমনি খেয়াল। ইংরেজিতে মেজাজকে - মুড বলা হলেও শিল্পীর মুড বলতে শুধু তার মেজাজ বোঝায় না। শিল্পীর ক্ষেত্রে মুড কথার ব্যাপ্তি অনেক। রাজার মেজাজ যেমন রাজসিক আভিজাত্যের নিরিখে বিচার্য, শিল্পীর মুড তেমনি সব কিছু হারানোর পরেও আপন খেয়ালের কাছে বলিপ্রদত্ত। খেয়াল সর্বস্বতাই শিল্পীর মুডের আসল রহস্য। জাত শিল্পী মাত্রেই তারা তাঁদের খেয়ালের দ্বারা পরিচালিত হন, খেয়ালের কথায় ওঠেন বসেন। পৃথিবীর তাবড় শক্তিও হার মানে তাঁর সেই অপরাজেয় এবং অপ্রতিরোধ্য ও অবাধ্য খেয়ালের কাছে। শিল্পী বেঁচে থাকেন তাঁর খেয়াল নিয়েই। নানা মুডে কিশোর কুমার। এমনই এক শিল্পী ছিলেন কিশোর কুমার। প্রতিভার দিক থেকে তিনি ছিলেন এক এবং অদ্বিতীয়। তাঁর কণ্ঠ, গায়কী, অভিনয়, চিত্র পরিচালনা, প্রযোজনা, গান রচনা থেকে সুর সংযোজনা –চলচ্চিত্র শিল্পের সঙ্গে যুক্ত এমন কোনো ক্ষেত্র নেই যেখানে কিশোর কুমার তাঁর প্রতিভার মহিমা দেখাননি। একজন প্রকৃত কিংবদন্তি বলতে যা বোঝায় কিশোর কুমার ছিলেন তাই। কিশোর কুমারের শিল্পী সত্তার সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে ছিল তাঁর জগত বিখ্যাত সব মুডের ইতিবৃত্ত। যিনি অবলীলায় বলতে পারেন,...