একটা শ্রুতিনাটকের কথা মনে পড়ে গেল। কিশোরবেলায় শোনা, ইতিমধ্যে বহু বছর পেরিয়েও গিয়েছে; কিন্তু এখনও সেই নাটকের মূল গল্পটি অটল থেকে গেছে স্মৃতিতে। আকাশবাণীর কোলকাতা ক’ থেকে প্রতি শুক্রবার রাত আটটার সময় একটা নাট্যানুষ্ঠান সম্প্রচারিত হত, ভীষণ জনপ্রিয় ছিল; গত নয়ের দশকের সময় তখন, এখনকার মত রিল রসে ডুবে থাকার সময় ছিল না সেটা; নিদেনপক্ষে টিভির পর্দায় সন্ধ্যার সোপ কিংবা খবরের চ্যানেলে গলা ফাটানো ঝগড়া দেখে সময় গুজরান করা যাবে সেরকম সম্ভাবনাও সে অর্থে সে সময় ছিল না। তাই বেতার যন্ত্রের ওপর ভরসা, বিশেষ করে শুক্রবার সন্ধ্যায় এমন সব দুর্দান্ত নাটক পরিবেশিত হত সেখানে যে রাত আটটা কখন বাজবে সেই ভেবে তর সইত না। এমনকি পড়ার ঘরে টাঙানো দেওয়াল ঘড়িটাকেও মনে হত বড্ড স্লো যাচ্ছে । তা এরকম এক শুক্রবারীয় নাট্য বাসরে একটি অসাধারণ শ্রুতিনাটক শোনার সৌভাগ্য হয়েছিল আমার যার কথা এখনও ভুলতে পারিনি। এতটাই তীব্র অভিঘাত ছিল এটির যে তা যে কোনো শ্রোতার মনেই গভীর দাগ কেটে যাবে বলে আমার দৃঢ় বিশ্বাস। এ কথা ঠিক এত দিন বাদে নাটকটির কাহিনীকার কে ছিলেন বা তার বেতার নাট্যরূপ কে দিয়েছিলেন সে সম্পর্কে কোনো কিছুই আর আমার মনে নেই, সে জন্যে ক্ষমা চেয়ে নিচ্ছি।
কিন্তু এই প্রসঙ্গে যে প্রশ্নটা জরুরী সেটা হল কোনো জিনিস মনে থাকলেই কী আর কোনো কারণ ছাড়া হঠাৎ হঠাৎ করে তা মনে পড়ে যায়? নিশ্চয়ই নয়। আসলে স্মৃতির অ্যালবামে সঞ্চিত থাকা অনেক কিছুর ওপরেই সময়ের সঙ্গে সঙ্গে অব্যবহারের ধুলো পড়ে যায়, কিন্তু কখনো কখনো এমন এমন অনুষঙ্গ আমাদের সামনে এসে হাজির হয় যে তা বন্ধ জানালা ভেঙে হঠাৎ করে আলো এসে পড়ার মত সেই ধুলো মাখা স্মৃতিটাও ঝুপ করে মনের আঙ্গিনায় এসে হাজির হয়। এ ক্ষেত্রেও তাই। যদিও সেই স্মৃতি জাগানিয়া ট্রিগারটির কথা একেবারে শেষে গিয়েই বলবো বা হয়তো বলবো না বা আপনাদের অনুমানের ওপরেই ছেড়ে দেবো সে কথা এখনও ঠিক করিনি। তবে নাটকটির মূল গল্পটির আবেদন যে চিরকালীন, বিশেষ করে কোনো শিল্পীর নাম যখন তাঁর আত্মসৃষ্ট শিল্পের বুক থেকেই অনৈতিক ভাবে মুছে ফেলা হয় তখন যে তা কত দুঃসহ বেদনার আবর্তে শিল্পীমনকে পতিত করে তা এই নাটকের শেষ পরিণতির কথা না জানলে বোঝা সম্ভব নয়। তবে তিক্ত কুটিল অভিপ্রায়ের সম্মুখে শিল্পী যে তাঁর শিল্প সৃষ্টি নিয়েই শেষ পর্যন্ত ঈশ্বর হওয়ার যাত্রায় অগ্রসর হন তার উজ্জ্বল দৃষ্টান্ত এই নাটকের মূল চরিত্র- গাঁ ঘরের এক সাদাসিধে সরল মতির তরুন চিত্রশিল্পী। সে আপন খেয়ালেই ছবি আঁকে, যেখানে যখন খুশী - কোনো ঠিক নেই। পথের ধুলোয়, মাটির দেওয়ালে, অব্যবহৃত খাতার পাতায়। সহজাত তার শিল্প প্রতিভা, কোনো শিক্ষক তাতে কখনো শান দেন নি। সেবার গ্রামের এক ধনী পরিবারের একমাত্র আদরের মেয়ের বিয়ে; পাত্র শহরের। বিয়ের রাতে পাত্রের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের ভিড়ে পুরো গ্রাম গমগম করছে। ডায়নামোর আলোর রোশনাইয়ে পথ ঘাট পুকুর সব যেন ডগমগ করে উঠেছে। তরুন ছেলেটির মনেও বুঝি সেই আনন্দ কোনো দূরকল্পনার রং ছড়িয়েছিল, পাশেই লাল কাঁকরের সরু রাস্তা। তাতে পড়ে থাকে অজস্র কাঁকরের টুকরো, কখন যে তার এক খণ্ড দিয়ে সে তার ঘরের রাস্তা ঘেঁষা মাটির দেওয়ালটির ওপরে আঁকিবুঁকি করতে লেগেছে, পরের দিন ভোরবেলায় পাত্র পক্ষের বাবু বিবিরা গ্রাম ঘুরতে বেরিয়ে দেওয়ালের গায়ে সেই ছবিটিকে দেখে একেবারে আশ্চর্য হয়ে যায়। একটি নবপরিণীতা বধূর ছবি, সালংকারা, এক অমিত হাস্যসুখ লেগে থাকে ঠোঁটে; দেখে সকলে অবাক হয়ে যায়। দেওয়ালের ধূসর গায়ে মরচে ধরা লাল কাঁকরের অজস্র টানে ফুটে উঠেছে সে ছবি, খোঁজ পড়ে শিল্পীর - কে এঁকেছে এমন ছবি! কোমরে গামছা, আদুল গায়ে বেরিয়ে আসে সেই তরুন, বিনীত নয়নে স্বীকার করে তার শিল্প কৃতির কথা। তুমি কী কোথাও আঁকা শিখেছ? নীচু স্বরে, অল্প হেঁসে তরুন উত্তর দেয় – না। গুঞ্জন ওঠে, ন্যাচারাল প্রতিভা ছাড়া এ সম্ভব নয়। কেউ কেউ বলে ওঠেন ঈশ্বরপ্রদত্ত। ওদের মধ্যে একজন ঝকঝকে যুবক আগ বাড়িয়ে তরুণটিকে শহরে যাওয়ার প্রস্তাব দেয়, এখানে থেকে প্রতিভার দাম পাবে না। আমাদের সঙ্গে কোলকাতায় চল, সঠিক জায়গায় পৌঁছতে পারবে। শেষে তরুন শিল্পী সম্মত হয়ে যায়, পোঁটলা পুঁটলি নিয়ে বেরিয়ে পড়ে ওদের সঙ্গে।শহরের অভিজাত এলাকার বড় বাড়ি, সামনে লন, দুপাশে কেয়ারি করা ফুলের বাগান। তারই মধ্যে একদিকে তাঁবুর মত ছোট একটা ঘর, বাগান পরিচর্যার কাজে নিযুক্ত লোক থাকে এখানে। সেখানেই স্থান হল তরুনের। আগ বাড়িয়ে শহরে আসতে বলা সেই যুবকের বাড়ি এটা। বাগানের কাজ করার দায়িত্ব ন্যস্ত হল তার ওপরে। শর্ত- কাজ করার ফাঁকে ফাঁকে চুটিয়ে ছবি আঁকতে হবে, যা মন চায়। এ যেন মেঘ না চাইতেই জল, তরুণ তো এটাই চায় আসলে। এর সঙ্গে আবার তিন বেলা খাওয়া থাকা টিফিন সব ফ্রি। কয়েকদিন যেতে না যেতেই দামী আর্ট পেপার আসে তার জন্যে, ক্যানভাস, রং তুলি আরও সব আনুষঙ্গিক টুকিটাকি তরুনের হাতে তুলে দিয়ে যুবকটি বলে - আঁকো যা মন চায় আঁকো। তরুনের ঝুঁকে পড়া দেহকান্তি সেদিন যুবকের বদান্যতার ভার বইতে যেন আরও ন্যুব্জ হয়ে সামনের দিকে ঝুঁকে পড়ে।
এই প্রসঙ্গে বলে নিই, নাটকটির যতটুকু আমার স্মৃতিতে ছিল তাতে হয়তো কাহিনীটির মূল কাঠামোতে কোনো পরিবর্তন হত না, কিন্তু তাকে পুননির্মাণ করতে গিয়ে কল্পনার রং জল মাখানো ছাড়া সম্ভব ছিল না, সে অর্থে এটি একটি শ্রুতিনির্ভর গল্পকে পাঠযোগ্য করে লিপিবদ্ধ করার প্রচেষ্টা।
এই সূত্রে বেতার নাটকটির বিভিন্ন চরিত্রে কণ্ঠদান করা কুশীলবদের কথা বলতেই হয়, তাঁদের সুঅভিনয়ের গুনে নাটকটির স্মৃতি আরও মজবুত হয়েছে বলে মনে হয়। শুধুমাত্র কণ্ঠ নির্ভর অভিব্যক্তি দিয়ে একজন শিল্পীর অসহায়তা কত প্রাঞ্জল ভাবে প্রকাশ করা যায় তা না শুনলে সত্যিই বোঝা কঠিন।
কাহিনীতে একটা বড় মোচড় এসে হাজির হয় যখন সেই তরুন এক বিকেলবেলায় বেরিয়ে এমনি কোনো উদ্দেশ্য ছাড়াই ফুটপাত ধরে হাঁটতে হাঁটতে একটা বড় আর্ট গ্যালারিতে এসে উপস্থিত হয়। সেখানে কত কত ছবি সব যত্ন করে রাখা থাকে। একধার থেকে - সাজানো গোছানো। রং তুলির দুর্দান্ত কারুকাজ করা – এক সে এক সুদক্ষ চিত্রকারির নিদর্শন সব। দেখতে দেখতে একটা ছবির সামনে এসে সে হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়ে। এ যে ওরই আঁকা ছবি! থ বনে যায় দেখে। বিস্ময়ে বিবশ হবে নাকি আনন্দে বিহ্বল, ঠিক বুঝে উঠতে পারে না। এক দুর্বোধ্য আড়ষ্টতা যেন ঘিরে ধরে তার চারিদিকে; শেষে কোন্ শেকল ভাঙা উন্মাদনার বশে যে সে - আমার ছবি স্থান পেয়েছে বলে একেবারে চিল চিৎকারে গোটা চিত্র প্রদর্শশালাকে মাত করে দিতে থাকে তা বোধহয় তার কাছেও অজানা। ছুটে আসেন কিউরেটর সহ আরও অনেক শিল্পী ও ভিজিটরেরা। থামো - রীতিমত ধমক দিয়ে কিউরেটর তাকে থামান, এটা পাগলামি করার জায়গা নয়। আর্ট কলেজের ডিগ্রিধারী বড় বড় দিকপালদের ছবিই এখানে স্থান পায়। ততক্ষণে তার আশ্রয়দাতা যুবকটিও সেখানে এসে হাজির হয়েছে। চোখে মুখে তার অহঙ্কার আর কপট গাম্ভীর্যের আভা। তাকে দেখিয়ে, কিউরেটর বলেন এটি মিঃ রায় চৌধুরীর আঁকা ছবি, ঐ উনার সাইন রয়েছে দেখ ছবির নীচে। শুনে সন্দেহের দৃষ্টিতে সকলে তরুনের দিকে তাকায় বড় বড় চোখ করে। মলিন প্যান্ট জামা পরা তরুন এর উত্তরে কী বলবে বুঝতে পারে না, শুধু হতবাক হয়ে স্থাণুবৎ দাঁড়িয়ে থাকে ওখানে, বাকিরা একবার করে তার দিকে কটাক্ষ আর তাচ্ছিল্যের হাঁসি হেনে চলে যায় একে একে। কিছুক্ষণ বাদে তরুণেরও মনে হয় তার মত তার শিল্প কৃতিও বুঝি ভীষণ অসহায়; ঘাড় নামিয়ে, চুপিচুপি গ্যালারি থেকে বিদায় নেওয়ার সময় চারিদিক থেকে ভেসে আসা হাঁসি কলরোল কথাবার্তা যেন তাকে লক্ষ করেই বিদ্ধ করতে ধেয়ে আসে বলে তার মনে হয়।
রাত কাটে, পরের দিন সকালবেলায় তরুনকে আর কোথাও কেউ দেখতে পায় না; বাগানের একপাশে তার থাকার ঘর থেকে তার পোঁটলা পুঁটলি গুলিও কোথায় উধাও হয়ে গেছে। খবর পেয়ে আশ্রয়দাতা যুবকটি ছুটে আসে তরুনের ঘরে, দেখে তার কিনে দেওয়া রং তুলি ক্যানভাস পেপার সব কিছুই পড়ে আছে এদিক ওদিক করে, ওই সব ডিঙিয়ে খাটিয়ার ওপরে একটা স্কেচ করা ছবিকে পড়ে থাকতে দেখে চকিতে যুবকটি তার হাতে তুলে নেয় সেটিকে; দেখে একটা পূর্ণাবয়ব মানুষের স্কেচ, যার হাত আছে, পা আছে চোখ কান নাক ঠোঁট বুক সব আছে, নেই শুধু বুকের মাঝে থাকা হৃদয় খানিই।
বাকরুদ্ধ করে দেওয়ার মত কাহিনীর এই অন্তিম পরিণতি যেন প্লাবনের মত আমাদের মনের সব দ্বন্দকে মুছে দিয়ে যায়, যার পরে তরুন সেই শিল্পী আর এই বিশ্ব জগতের মহান স্রষ্টা পরমেশ্বরের মাঝে কোনো প্রভেদ থাকে না।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন