নন্দন কানন হতে স্বর্গের আলো উপচে পড়তেই, চিলেকোঠার বাইরে দুদিকের দুই খোলা ছাদের সে কী আত্মহারা দশা; ধূসর পালকের অনবরত বকম্ বকম্ করে যাওয়া দেশী পায়রাগুলোকে যে কী আনন্দে অমন নেচে নেচে চারিদিক ঘুরে বেড়ানোর দেদার ছাড়পত্র দিয়ে দেয়, কে জানে! দোতলার শ্যাওলা ধরা কার্নিশ ছেড়ে - কবুতরগুলোর এখন, ছাদের কিনারায় রোদের সাথে বসবাস। নীল আকাশ, উপুড় করা তার দু পার খোলা বুক, তাতে আদুরে ফেনার মত মেঘের দল - বৃষ্টির স্নান সেরে, স্বর্গের পরীদের মত উড়িয়ে নিয়ে বেড়ায় তাদের শুভ্র বসনের মুক্ত আঁচল। মাঠে ধবল গরুর পালের মত চরে বেড়ায় রোদ, পাশে বটগাছের নীচে রাখালের দীঘল চোখের ন্যায় ঘন কৃষ্ণ ছায়া অবাক হয়ে তাকিয়ে থাকে সে দিকে। আসলে এ মায়া, জোছনা রঙা রোদের মায়া, একটা নেশার মত - যে নেশায় আচ্ছন্ন হতে স্বয়ং মা দুর্গা নেমে আসেন সুদূর কৈলাস হতে। উঠোনে ঢাকনা খোলা বয়ামে আঁচারের রোদ খাওয়া চলে, সঙ্গে আমচুর, ফুলবড়ি, পাকা তেঁতুল আরো কত কী। নারকেল গাছের সোনালী পাতা বেয়ে দিব্যি ছাদের আরসায় নেমে আসে কাঠবিড়ালি, রোদের জলসায় সবার আমন্ত্রণ যে। সুপারি ডোঙ্গায় চেপে সদর বাহার থেকে তেমাথার মোড়, পথে ক...