বলা হয়, মা তাঁর নিজের পুজোর ব্যবস্থা নিজেই করে নেন, এমনকি যে বিশেষ ব্যক্তিটির কাঁধে তিনি তাঁর পুজো আয়োজনের গুরুভার অর্পণ করবেন সেটিও তাঁর পূর্ব নির্ধারিত, তাই আজ থেকে প্রায় সাড়ে তিনশো বছর আগে বর্ধমানের আখনা গ্রাম থেকে জনৈক বীরকিশোর নারায়ণ ঘোষ সুদূর মেদিনীপুরের ওড়িশা সংলগ্ন অঞ্চল নয়াগ্রামের আগরআড়ায় এসে হাজির হলেন সপরিবারে, এবং প্রায় তিনশো একরেরও বেশী জমির সুবিশাল জমিদারি স্থাপন করলেন, যদিও তাঁর এখানে আসার পেছনে সঙ্গত কোনো কারণের প্রশ্নে বর্তমান বংশধরদের মধ্যে কেউই সেভাবে কিছু জানাতে পারেননি। আগরআড়া গ্রামের ঘোষ বাড়ির দুর্গা পুজায় হাঁড়িকাঠ (অড়গলি) ও খাঁড়া। আগরাড়া আসতে, এগরা-সোলপাট্টা গামী রাজ্য সড়কে পড়া নয়াগ্রাম বাজার স্টপেজ থেকে এক কিমির মতো উত্তর দিকে গ্রাম্য পিচের রাস্তায় ঢুকতে হয়। পরিচর্যার অভাবে এবড়োখেবড়ো রাস্তার দুপাশে গাছগাছালি, জলভরা পুকুর, ছোট ছোট ইঁটের ঘাট, মাটির দোতলা ঘর, এসব দেখতে দেখতেই দিব্যি পৌঁছে যাওয়া যায় আগরআড়া ঘোষ বাড়ির বহু প্রাচীন দুর্গা দালানের সামনে। কোলকাতা থেকে দূরত্বের কারণে তথাকথিত মূলধারার মিডিয়ায় সেভাবে প্রচারের আলো পায় না এই ধরনের গ্...