গোল বেঁধেছে স্বপ্নাদেশ নিয়ে। সে আবার , যার তার নয়। স্বয়ং শিবের। রঙের শিল্পী রামচাঁদ আজ তাই খানিক বেপরোয়া । রাত পোহালেই কালী পুজো। বালিগঞ্জ , নরেশ মিত্র লেনের , পেয়ারা বাগান বস্তির দেওয়ালে মা কালীর নাতিদীর্ঘ , খোদাই করা মূর্তি ; সামনে ফুটপাতের ওপরে - একটুখানি চৌকো মত সিমেন্টের চাতাল ; তার ওপরেই , রঙ তুলি নিয়ে বসেছে রামচাঁদ। বছরকার পুজার আগে , মায়ের বিবর্ণ হয়ে যাওয়া গা ' য়ে পুনরায় রঙের আভাস ফুটিয়ে তুলতে , যত্নের খামতি নেই তার। কিন্তু এ কি! শিবের এমন শুভ্র , টিকালো নাকের নীচে , দীর্ঘ দিনের পাকা শিল্পী রামচাঁদ , এটা কি করছে ? বাটিতে রাখা কালো রঙের দ্রবণে তুলি চুবিয়ে , এমন মোটা মোটা করে পোঁচ মেরে যাচ্ছে সে , যে কারুরই নজরে পড়বে। পাশে , রাস্তার ওপরে ছেলেরা লঙ্কা পটকা ফাটাচ্ছে হরদম। হুটোপাটা চলছে। তার মধ্যে রামচাঁদ , অবিচল তার কাজে। একমাত্র রক্ষে , রবিবার বলে ; অন্য দিনের মতো , তত লোকজন নেই রাস্তায়। এদিকে রঙ আর তুলির সুনিপুণ টানে - শিব ঠাকুরের ঠোঁটের ওপরে, বেশ একটা মার্ক টোয়েন মার্কা গোঁফ ফুটে উঠছে ক্রমশ। চওড়া , ঝাপানো ; কেমন ওয়ালরাস প্রতিম। কয়েকদিন আগে , এক...